সোমবার, ২৯ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ থেকে প্রথমবার হ্যাচিং ডিম রপ্তানি, নাইজেরিয়ায় ১০ হাজার ডিম পাঠানো

বাংলাদেশ থেকে প্রথমবার হ্যাচিং ডিম রপ্তানি, নাইজেরিয়ায় ১০ হাজার ডিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ থেকে প্রথমবার হ্যাচিং ডিম রপ্তানি, নাইজেরিয়ায় ১০ হাজার ডিম পাঠানো

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো হ্যাচিং ডিম রপ্তানি শুরু হয়েছে। পরীক্ষামূলক প্রথম চালানে ১০ হাজার হ্যাচিং ডিম পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পাঠানো হয়েছে। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চালানটি পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, দেশের কৃষিভিত্তিক রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। রপ্তানিকৃত হ্যাচিং ডিমগুলো কাজী ফার্মস গ্রুপের পঞ্চগড়ে অবস্থিত ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট ফার্মে আন্তর্জাতিক মানের কঠোর বায়োসিকিউরিটি ব্যবস্থার আওতায় উৎপাদিত হয়েছে।

এতে দেশের পোল্ট্রি শিল্প ও রপ্তানি খাতে নতুন এক মাইলফলক স্থাপিত হলো বলে মনে করছে প্রতিষ্ঠানটি। ডিম রপ্তানি উপলক্ষে বিমানবন্দরের কার্গো ভিলেজে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় প্রতিমন্ত্রী চালানটি পরিদর্শন করে উদ্যোগটির প্রশংসা করেন। তিনি বলেন, দেশের পণ্য যত বেশি আন্তর্জাতিক বাজারে প্রবেশ করবে, ততই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে এবং জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান জানান, হ্যাচিং ডিম রপ্তানি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও রপ্তানিমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি সরকারের রপ্তানি বহুমুখীকরণ লক্ষ্য অর্জনেও সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, ‘পরীক্ষামূলক এই চালান সফল হলে ভবিষ্যতে হ্যাচিং ডিমের পাশাপাশি খাদ্যোপযোগী (টেবিল) ডিমও নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে।’

বর্তমানে দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্টদের মতে, হ্যাচিং ডিম রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং কৃষিভিত্তিক রপ্তানিতে যুক্ত হবে নতুন গতি।

বিজ্ঞাপন