ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায়। নিহত শ্রমিকরা হলেন, মাসুক মিয়া (১৮) এবং আরমান মিয়া (১৭)।
কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, ট্রাকটি একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে কসবার চারগাছ এলাকার দিকে যাচ্ছিল। মান্দারপুর এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি খাদে পড়ে যায়।
দুর্ঘটনার ফলে ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে ট্রাকচালক ও তার সহযোগীরা রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান।