সরকার গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এসময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী চীনের স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন।
চার দিনের সফরে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের তালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। পরবর্তীতে বুধবার দুপুরে তালিয়ান থেকে হাই-স্পিড ট্রেনে বেইজিং যান প্রধানমন্ত্রী।
বেইজিংয়ে প্রধানমন্ত্রীর সফরের প্রধান কর্মসূচি ছিল চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক। এছাড়া, বেইজিংয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী অংশ নেন।
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরটি ছিল দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে।