বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেলে মালয়েশিয়ার পাঁচ শীর্ষ কোম্পানির নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পেট্রোনাস গ্রুপ, আগজিয়াটা, এয়ার এশিয়া, পারডুয়া এবং এমএমসি ফোর্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন সাংবাদিকদের জানান, বাংলাদেশে বিনিয়োগ আনতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি বলেন, "দেশে মুক্তবাজারের জন্য আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হচ্ছে এবং আমরা ইকোনমিক লিবারাইলেশনের দিকে যাচ্ছি।"
মাহাদী আমিন আরও বলেন, "আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিয়ে আসা। বাংলাদেশে বড় একটি মার্কেট বেইস রয়েছে, যা কনজিউমার ডিমান্ড পূরণে সহায়ক হবে।"
তিনি বলেন, "বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এবং প্রোডাকশন বাড়ানোর জন্য মালয়েশিয়ার বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট রয়েছে, যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।"
মাহাদী আমিন বলেন, "সরকার মালয়েশিয়ার বিনিয়োগকে স্বাগত জানাতে নীতিগত সহযোগিতা প্রদান করবে এবং প্রো-বিজনেস ফ্রেমওয়ার্ক তৈরি করবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং মালয়েশিয়া ডেপুটি হাই কমিশার শাহানারা মলিকা।