আগামী বছর থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে প্রাইম মিনিস্টার কাপ শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, গত আড়াই মাসে ২২ লাখ শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমি চাই শুধু প্রাইমারি না, মাধ্যমিকেও আগামী বছর থেকে প্রাইম মিনিস্টার কাপ শুরু করা হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, ‘লেখাপড়ার পাশাপাশি অন্যান্য শাখায় শিক্ষার্থীরা অবদান রাখবে। সব কিছুতে পারদর্শী হতে হবে। তাইলেই শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা যাবে।’
তিনি আরও বলেন, ‘আজকের শিশুরাই আগামীতে দেশ চালাবে। আমি চাই তারা আমাদের চেয়েও ভালো দেশ চালাক।’
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ‘ইতোমধ্যে অনেকেই নতুন কুঁড়ি স্পোর্টসে নাম লিখিয়েছে। আমরা বলেছিলাম, দেশ পরিচালনার সুযোগ পেলে শিশুদের সবুজ মাঠে খেলার সুযোগ করে দেব। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছি আমরা।’
তিনি বলেন, ‘শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ অন্যান্য ক্রীড়ার মাধ্যমে বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী।’
প্রধানমন্ত্রী আরও জানান, ‘আড়াই মাসে ৬৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের ২২ লাখ শিক্ষার্থী এই খেলায় অংশগ্রহণ করেছে, এটি অন্যতম একটি বিশ্বরেকর্ড। শিক্ষার্থীদের লেখাপড়া পাশাপাশি ক্রিড়া এবং সাংস্কৃতিক অঙ্গণে ভূমিকা রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।’