আগামীকাল রোববার (২১ জুন) মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি তার সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি প্রাধান্য পাবে। এ বৈঠকে কয়েকটি চুক্তি সইয়ের সম্ভাবনাও রয়েছে।
শনিবার (২০ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারের সফর নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
মালয়েশিয়া সফরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩-২৬ জুন চীনে অবস্থান করবেন। সেখানে তিনি ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এই সফরে সমন্বিত নদী এবং পানি ব্যবস্থাপনা, বিশেষ করে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৩টি সমঝোতা, ২টি চুক্তি, ১টি অ্যাকশন প্ল্যান এবং ১টি প্রটোকল সই হবে। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়বে।
প্রধানমন্ত্রীর এই সফরে পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ ২৭ জনের একটি প্রতিনিধি দল সাথে থাকবেন।