বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের কার্যক্রম শুরু হচ্ছে। জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মিডিয়া সেল শুক্রবার ফেসবুকে একটি পোস্টে জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তন করা হবে। নতুন নামকরণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে, এবং এ জন্য পুনরায় গণশুনানি অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, নবগঠিত এ দুটি ইউনিয়নের নাম নিয়ে সম্প্রতি ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজের দুই ছেলের নামে ইউনিয়ন দুটির নামকরণে ভূমিকা রেখেছেন।