শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিএনপি সরকারের পতন হবে: নাসিরউদ্দীন পাটওয়ারী

বিএনপি সরকারের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ব্যর্থ হলে পতনের আশঙ্কা প্রকাশ করেছেন নাসিরউদ্দীন পাটওয়ারী।

বিএনপি সরকারের পতন হবে: নাসিরউদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে ব্যর্থ হলে দেশ ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে থাকবে। তিনি শুক্রবার বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

পাটওয়ারী বলেন, ‘সংস্কার বাস্তবায়ন করতে হবে। সরকার সংশোধন প্রক্রিয়ার দিকে হেঁটেছে। আমরা ১১ দলীয় জোটের মাধ্যমে ১০টি জায়গায় বড় কর্মসূচি হাতে নিয়েছি, যেখানে লাখের অধিক মানুষ উপস্থিত হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘গত সংসদ নির্বাচনে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য ৭৫ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। বিএনপি সরকার যদি এই সংস্কার বাস্তবায়ন করতে না পারে, তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।’

এনসিপি নেতা অভিযোগ করেন, বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগের গুন্ডা–সন্ত্রাসীরা জামিন পাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আমাদের ভাইদের খুন করেছে, তাদের বিচার করতে হবে।’

পাটওয়ারী বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অদক্ষ লোক নিয়োগ দেওয়া হচ্ছে। উন্নয়নের মডেল যদি বাস্তবায়ন না হয়, তাহলে ছাত্রজনতা আবারও মাঠে নামবে।’

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘নামের পরিবর্তন হীনজাতের পরিচয়। শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের নামে নামকরণ করতে হবে।’

এ সময় এনসিপির বাগেরহাট জেলা কমিটির সমন্বয়ক সৈয়দ আনোয়ার মোর্শেদ ও সদস্য আল আমিন খান সুমন উপস্থিত ছিলেন। এর আগে, তিনি বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.) মাজার জিয়ারত করেন এবং বৃক্ষরোপণ করেন।

বিজ্ঞাপন