রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় এক বিএনপি নেতা মোহাম্মদ নূর ইসলাম (৫৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নূর ইসলাম ৩৩ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
প্রাথমিক চিকিৎসার জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
নূর ইসলামের ভাতিজা ইয়াসিন জানান, মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত দুপুর আড়াইটার দিকে তার চাচাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি বলেন, "চাচার মুখের বাম পাশে, কাঁধে ও বাম হাতে গুরুতর আঘাত করেছে তারা।"
ইয়াসিন আরও জানান, নূর ইসলামের গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানার মহেশখালী এলাকায়। বর্তমানে তিনি মোহাম্মদপুর ৭ মসজিদ হাউজিং ৪ নম্বর রোডের ৩১ নম্বর বাসায় বসবাস করছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, "মোহাম্মদপুর এলাকা থেকে এক বিএনপি নেতাকে গুরুতর জখম অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।" তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।