শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

বড়পর্দায় আসছে ‘ডোরেমন’: নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

‘ডোরেমন’ এবার বড়পর্দায় আসছে, নতুন সিনেমা মুক্তির তারিখ ২ অক্টোবর।

বড়পর্দায় আসছে ‘ডোরেমন’: নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

দীর্ঘ দুই দশক ধরে ছোটদের মনে রাজত্ব করা জনপ্রিয় কার্টুন ফ্র্যাঞ্চাইজি ‘ডোরেমন’ এবার বড়পর্দায় আসছে। নোবিতা, শিজুকা, জিয়ান ও সুনিওকে নিয়ে নীল রঙের রোবট বিড়ালটির নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ২ অক্টোবর।

ভারতের প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বাণিজ্যিকভাবে মুক্তি পাবে অ্যানিমে চলচ্চিত্র ‘ডোরেমন দ্য মুভি: নিউ নোবিতা অ্যান্ড দ্য ক্যাসেল অব দ্য আন্ডারসি ডেভিল’। সিনেমাটি ফুঝিকো এফ ফুঝিওর মূল কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

গল্পের কেন্দ্রে রয়েছে সমুদ্রের গভীর তলদেশের এক রহস্যময় জগৎ, যেখানে নোবিতা ও তাঁর বন্ধুদের নিয়ে একটি অভাবনীয় অ্যাডভেঞ্চার শুরু হবে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, সিনেমাটিতে বন্ধুত্ব, সাহস এবং নতুন পৃথিবী আবিষ্কারের থিম থাকবে।

ছবির কাহিনীতে ডোরেমনের পকেট থেকে বের হবে নিত্যনতুন গ্যাজেট, যা শিশুদের জন্য আকর্ষণীয় হবে। বড় ক্যানভাস, দুর্দান্ত অ্যানিমেশন এবং সাউন্ড ইফেক্টসহ ডোরেমনের এই জাদুকরী দুনিয়ায় অভিভূত হবে খুদে দর্শকরা।

গত ২৭ ফেব্রুয়ারি সিনেমাটি জাপানে মুক্তি পায়। ভারতে সিনেমাটির পরিবেশনায় রয়েছে ‘টিভি আসাহি’ ও ‘পিভিআর আইনক্স পিকচার্স’।

ভারতে মুক্তির উপলক্ষে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ‘কোর’ পপ-কালচার ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে, যেখানে ‘ডোরেমন জোন’ থাকবে। এখানে বিশাল আকৃতির ডোরেমন এবং নানা ধরনের চমকপ্রদ আয়োজন থাকবে, যা খুদে ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হবে।

বিজ্ঞাপন