পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘অভিমান’। মুক্তির দিনেই ছবিটি বিতর্কের মুখে পড়েছে। নির্মাতা সুমন ঘোষ প্রসেনজিতের বিরুদ্ধে ‘ভাবনা ও চরিত্র চুরি’র অভিযোগ এনেছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ফেসবুকে এক পোস্টে প্রসেনজিৎ বলেন, ‘পরিচালক হিসেবে সুমনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই সিনেশিল্পে সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেক সময় পারস্পরিক মিল দেখা দিতে পারে।’
তিনি আরও জানান, ‘অভিমান ছবিটি সম্পূর্ণ স্বতন্ত্র এবং আইনত নথিবদ্ধ করা প্রজেক্ট, যার নেপথ্যে রয়েছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও শ্রীজাত।’ প্রসেনজিৎ বলেন, ‘অভিনেতা হিসেবে আমার কাজ হলো শুধু চিত্রনাট্যটি পর্দায় ফুটিয়ে তোলা। অন্য কারও সৃজনশীলতা ও বিশ্বাসের অমর্যাদা করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।’
এর আগে, সুমন ঘোষ অভিযোগ করেন যে, গত আড়াই বছর ধরে তিনি যে ভাবনা নিয়ে প্রসেনজিতের সঙ্গে আলোচনা করেছেন, তা অভিমান’র মুখ্য চরিত্রে প্রতিফলিত হয়েছে। সুমন জানান, এই বিষয়টি প্রসেনজিতকে ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে।