জনপ্রিয় হলিউড অভিনেত্রী ডেভি চেজ, যিনি ‘দ্য রিং’ সিনেমার জন্য বিশেষভাবে পরিচিত, মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরপারে পাড়ি দেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৩৫ বছর।
ডেভি চেজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার জন রায়ান জুনিয়র। তিনি জানান, মস্তিষ্কজনিত রোগের কারণে রক্তের ইনফেকশন ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর মৃত্যু ঘটে। মৃত্যুর আগে তিনি তীব্র অপুষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন।
জন রায়ান বলেন, ‘ও দারুণ একজন মানুষ ছিল। বিড়াল ভালোবাসত। হলিউডের চাকচিক্যময় জীবন থেকে দূরে থাকা ওর পছন্দ ছিল।’ তিনি আরও জানান, বড় স্টুডিওর সিনেমার চেয়ে ডেভি স্বাধীন চলচ্চিত্রে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।
ডেভি চেজের অভিনয়জীবন শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। চার বছর বয়সে থিয়েটারের মাধ্যমে তাঁর অভিনয় শুরু হয় এবং সাত বছর বয়সে ‘সাবরিনা দ্য টিনএজ উইচ’ সিটকমে কাজ করে হলিউডে প্রবেশ করেন।
২০০১ সালে ‘ডনি ডার্কো’ সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন, তবে ২০০২ সালে ‘দ্য রিং’-এ ‘সামারা মর্গান’ চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা হন। এই চরিত্রের জন্য ২০০৩ সালে ‘এমটিভি মুভি অ্যাওয়ার্ডস’-এ সেরা খলঅভিনেতার পুরস্কার লাভ করেন।
২০১৫ সালে অভিনয় থেকে অবসর নেন ডেভি চেজ। তাঁর অকাল প্রয়াণে হলিউডের সহকর্মী এবং গোটা বিশ্বের ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।