রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসুর) জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। নবাব আব্দুল লতিফ হল সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহিদ বুধবার (১৭ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ অভিযোগ করেন।
শহিদ জানান, আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচ দেখতে তিনি হবিবুর রহমান হল মাঠে যান। খেলার ৩০-৩১ মিনিট পর রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ এবং হবিবুর রহমান হল সংসদের জিএস আশিক শিকদার তাকে তাদের পাশে বসতে ডাকেন। তিনি এলইডি স্ক্রিনের পাশে নির্ধারিত স্থানে বসেন।
খেলার শুরুতে সালাহউদ্দিন আম্মার ও সহ-ক্রীড়া সম্পাদক আবু সাঈদ সামি সেখানে আসেন। শহিদ অভিযোগ করেন, আম্মার তাকে সরে যেতে বলেন এবং কারণ জানতে চাইলে তিনি গেঞ্জির কলার ধরে টানাটানি করেন। পরে শহিদকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।
অন্যদিকে, সালাহউদ্দিন আম্মার অভিযোগগুলো অস্বীকার করে বলেন, এটি একটি ছোট বিষয়। তিনি জানান, রাকসুর আয়োজনে খেলা দেখানোর সময় সব শিক্ষার্থী সমান। নারীদের সুবিধার জন্য তিনি কিছু নিয়ন্ত্রণ করছিলেন। শহিদকে স্ক্রিনের ডানপাশে বসতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেখানে থেকে বের হয়ে গালিগালাজ করতে থাকেন।
শহিদ দাবি করেছেন, তাকে মারধর করা হয়েছে, কিন্তু আম্মার বলেন, তার গায়ে কোন প্রকার টাচ করা হয়নি এবং বাজে ব্যবহার করা হয়নি।