জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। তিনি বর্তমানে এই ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৮ জুন, বৃহস্পতিবার, রাজধানীর মহাখালী টিএন্ডটি মহিলা কলেজ মিলনায়তনে জন্মদিন উপলক্ষে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, শিশুদের স্বাস্থ্যপরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘ডা. জুবাইদা রহমান একজন মহীয়সী নারী, যিনি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে নিরলস কাজ করছেন।’
ড. আব্দুল মঈন খান পরে টিএন্ডটি মহিলা কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিম গাছ রোপণ করেন এবং পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
ডা. জুবাইদা রহমান জন্মদিনে বরাবরই জনহিতকর কাজকে উৎসাহিত করেন এবং সব ধরনের আরম্বরতা পরিহার করেন। এই আয়োজনের মধ্যে যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।