জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (১৭ জুন) জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক)-২৬ সালের আয়োজনে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি, নারীর ক্ষমতায়ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করছে। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, নারীদের নেতৃত্বের ভূমিকা শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ ও পুনর্গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই দিন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নেন। সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের প্রশংসা করেন, যারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করছেন। তিনি সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের দুর্ভোগ এবং বৈশ্বিক মানবিক অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
শামা ওবায়েদ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।