জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুদের মধ্যে রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইস্রাফিল (৭) এবং শামীম মিয়ার ছেলে ওসমান গনি (৮) রয়েছে। স্থানীয়দের মতে, দুপুরে গোসল করতে নেমে নদীর প্রবল স্রোতে তারা তলিয়ে যেতে শুরু করে।
ঘটনার পর স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু দুই শিশু নদীতে নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেলওয়ার হোসেন জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। ডুবুরি দল যমুনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।