নড়াইলের লোহাগড়া উপজেলায় দিঘলিয়া গ্রামে সুমনা ফেরদৌসী (৩৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী লিমন মল্লিক (২৭) গ্রেফতার হয়েছেন। পুলিশ জানায়, লিমন স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।
গতকাল সোমবার রাতে দিঘলিয়া এলাকা থেকে লিমনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীর হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। সুমনা ফেরদৌসী নারায়ণগঞ্জের বাসিন্দা এবং লিমনের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনা টিকটকে বিভিন্ন ভিডিও পোস্ট করতেন এবং এ নিয়ে তার স্বামীর সঙ্গে পারিবারিক কলহ সৃষ্টি হতো। সোমবার সকালে স্ত্রীর কর্মকাণ্ড নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর পর লিমন সুমনাকে আঘাত করে এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন।
ঘটনার পর লিমন স্বাভাবিকভাবে কাজে বের হন এবং বিকেলে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছে যে এটি আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, লিমন হত্যার পর আত্মহত্যার নাটক সাজাতে সুমনাকে ঝুলিয়ে দিয়েছিলেন। ভুক্তভোগী নারীর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।