মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফকে পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফকে পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ ও বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফকে পুশ-ইনে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফকে পুশ-ইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃতদের মধ্যে চারজনকে বিজিবি এবং তিনজনকে পুলিশ আটক করেছে।

ওসি নূরে আলম বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে বিএসএফ এক নারীকে পুশ-ইনের চেষ্টা করে। ওই নারীর বাংলাদেশে আসতে সহায়তা করেন সাত বাংলাদেশি। তারা সবাই রোকনপুর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা।

বিজিবি সদস্যরা ওই পুশ-ইনের ঘটনা প্রতিহত করে এবং ঘটনাস্থল থেকে চার বাংলাদেশিকে আটক করে। পরে, দিবাগত রাত ৪টার দিকে বিজিবি তাদের থানায় সোপর্দ করে।

পুলিশও একই অভিযোগে আরও তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। বিজিবি টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে পুশ-ইন প্রতিহত করা হয়।

বিজ্ঞাপন