রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২৩ বছর বয়সী বিনোদ বিশ্বাস নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী ব্রিটিশ কাউন্সিলের ধানমন্ডি শাখার ছাত্র ছিলেন।
গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিনোদ পল্টনের শান্তিনগর এলাকায় তার পরিবারের সাথে বসবাস করতেন। তার বাবার নাম নারায়ণ বিশ্বাস।
বিনোদ বিশ্বাসের ছোট ভাই বিধান বিশ্বাস জানান, তার ভাই মোটরসাইকেল চালিয়ে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তিনি বেঁচে নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।