মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে হামলায় শ্রমিক দল নেতা নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নে একটি সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। সোমবার বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর সুলতানপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সহ–সভাপতি পদপ্রার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

আজ বিকেলে জাহাঙ্গীর আলমের ভাতিজির দাম্পত্য কলহের বিষয় নিয়ে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাহাঙ্গীর আলমের সঙ্গে আতাউল্লাহর পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আতাউল্লার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় হামলায় ৫-৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রকিব উর রেজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন