সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বেক্সিমকো ফার্মা সিএফ রোগীদের জন্য সাশ্রয়ী জেনেরিক ওষুধ সরবরাহ শুরু

বেক্সিমকো ফার্মা সিস্টিক ফাইব্রোসিস রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ সরবরাহ শুরু করেছে।

বেক্সিমকো ফার্মা সিএফ রোগীদের জন্য সাশ্রয়ী জেনেরিক ওষুধ সরবরাহ শুরু

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বিরল ও প্রাণঘাতী সিস্টিক ফাইব্রোসিস (সিএফ) রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ সরবরাহ শুরু করেছে। সোমবার টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকাসহ ছয়টি দেশের রোগী ও তাদের প্রতিনিধিদের হাতে ওষুধটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এই অনুষ্ঠানে বেক্সিমকোর চিফ অপারেশন অফিসার রাব্বুর রেজা উপস্থিত থেকে রোগীদের হাতে ওষুধ হস্তান্তর করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ ‘রাইট টু ব্রিদ’-এর প্রতিনিধিরা এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বেক্সিমকো ফার্মা ‘ট্রিকো’ নামে একটি নতুন ওষুধ বাজারে এনেছে, যা ইলেক্সাক্যাফটর, টেজাক্যাফটর ও আইভাক্যাফটরের সমন্বয়ে তৈরি। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের উদ্ভাবিত ‘ট্রিকাফটা’-এর জেনেরিক সংস্করণ। এই উদ্যোগের মাধ্যমে সিস্টিক ফাইব্রোসিস রোগীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এ ওষুধটি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

বেক্সিমকো ফার্মার জেনেরিক সংস্করণ ট্রিকোর বার্ষিক মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ১২ হাজার ৭৫০ ডলার এবং শিশুদের জন্য ৬ হাজার ৩৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে, যা মূল ওষুধের যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত মূল্যের তুলনায় প্রায় ৯৬ শতাংশ কম।

প্রাথমিক পর্যায়ে ‘সিএফ বায়ার্স ক্লাব’-এর মাধ্যমে নির্দিষ্ট রোগীদের কাছে ওষুধ সরবরাহ করা হবে। পরবর্তীতে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বিশ্বজুড়ে চিকিৎসাবঞ্চিত রোগীদের কাছে এ চিকিৎসা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

রাব্বুর রেজা বলেন, ‘বেক্সিমকো ফার্মা সবসময়ই রোগীদের অপূর্ণ চিকিৎসা চাহিদা পূরণে কাজ করে আসছে, বিশেষ করে যেসব রোগের ক্ষেত্রে কার্যকর চিকিৎসার সুযোগ অত্যন্ত সীমিত।’

সিস্টিক ফাইব্রোসিস একটি বিরল কিন্তু প্রাণঘাতী বংশগত রোগ, যা ফুসফুস ও পরিপাকতন্ত্রে ঘন শ্লেষ্মা জমে শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করে। বর্তমানে বিশ্বে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ এ রোগে আক্রান্ত বলে ধারণা করা হয়।

বেক্সিমকো ফার্মার এই উদ্যোগটি বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির আওতায় এলডিসিভুক্ত দেশের জন্য পেটেন্ট সুরক্ষা কার্যকর করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়ার সুযোগের ভিত্তিতে বাস্তবায়িত হয়েছে।

বিজ্ঞাপন