বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

কাজী ফার্মসের মাফিন কেক শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ

কাজী ফার্মসের মাফিন কেক শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।

কাজী ফার্মসের মাফিন কেক শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরীক্ষার ল্যাবে কাজী ফার্মসের মাফিন কেকের মান নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, এই কেকটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং খাবার অনুপযোগী।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেকের মেয়াদ দুই মাস হলেও এতে সরকার নির্ধারিত প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি। উৎপাদনের ১৫ দিন পরে কেকের অম্লতা ৩ দমশিক ৩২ পাওয়া গেছে, যা থাকার কথা ছিল ১।

ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারের জনস্বাস্থ্য এনালিস্ট ইলিয়াছ জাহেদী বলেন, "এই পণ্য মানহীন এসেছে। অম্লতার বৃদ্ধি এবং আদ্রতা বৃদ্ধি পাওয়া গেছে।" তিনি সতর্ক করেন যে, এই কেক শিশুদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

কাজী ফার্মসকে এই মানহীন পণ্য বিক্রির জন্য ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম জানান, "ভবিষ্যতে এমন পণ্য বিক্রি না করার জন্য কাজী ফার্মসকে সতর্ক করা হয়েছে।" তিনি আরও বলেন, "যত বড় কোম্পানিই হোক, মানহীন পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

ঢাকা দক্ষিণের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, "জরিমানা মানে অন্য প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা দেওয়া।" তিনি উল্লেখ করেন যে, বাজার থেকে মানহীন পণ্য তুলে নিয়ে নতুন পণ্য বিক্রির বিষয়ে আদালতে প্রতিশ্রুতি দিলেও কাজী ফার্মস তা করেনি।

বিজ্ঞাপন