সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সড়ক ও মহাসড়কে ময়লা-আবর্জনা ফেলা নিষিদ্ধ: প্রতিমন্ত্রী

সড়ক ও মহাসড়কে ময়লা-আবর্জনা ফেলা নিষিদ্ধ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সড়ক ও মহাসড়কে ময়লা-আবর্জনা ফেলা নিষিদ্ধ: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সড়ক ও মহাসড়কের পাশে কোনো ধরনের ময়লা-আবর্জনা ফেলা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

১৪ জুন, রোববার, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-বাইপাস ও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বর্জ্য অপসারণ কার্যক্রমের সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বর্জ্যের স্তূপ প্রধানমন্ত্রীর নজরে এসেছে। তার নির্দেশনায় তিনি সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে এসেছেন।

তিনি জানান, গত দুই দিন ধরে ওই এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে এবং দ্রুত সময়ের মধ্যে পুরো এলাকা পরিষ্কার করা হবে।

মীর শাহে আলম আরও বলেন, বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু হয়েছে।

তিনি জানান, পরিকল্পনা বাস্তবায়িত হলে বর্জ্য থেকে জৈব সার, বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে মহাসড়ক কিংবা সড়কের পাশে কোনো বর্জ্য ফেলা না হয় সে বিষয়ে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, লোকালয় থেকে দূরে পরিবেশসম্মতভাবে বর্জ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নতুন ডাম্পিং স্টেশন স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন