বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ফুটবলপ্রেমীদের নজর এখন একটি হাই-ভোল্টেজ ম্যাচের দিকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হচ্ছে আফ্রিকার আলোচিত দল মরক্কোর।
স্ট্যাটস প্রোভাইডার অপ্টা অ্যানালিস্টের পূর্বাভাস অনুযায়ী, ব্রাজিলের জয় পাওয়ার সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, যেখানে মরক্কোর জয়ের সম্ভাবনা মাত্র ১৮.৮ শতাংশ। ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৫ শতাংশ।
ব্রাজিল 'গ্রুপ সি'–এর শীর্ষে ওঠার দৌড়েও এগিয়ে আছে, তাদের গ্রুপ টপার হওয়ার সম্ভাবনা ৬৫.৮৫ শতাংশ। অন্যদিকে, মরক্কোর সম্ভাবনা ২৩.১৪ শতাংশ।
বিশ্ব ফুটবলের ইতিহাসে ব্রাজিল একটি ঐতিহাসিক নাম। তারা ২০০২ সালের পর থেকে শিরোপার দেখা পায়নি। এবার তাদের লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ জয়।
মরক্কো, যারা সাম্প্রতিক বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে, এখন আর 'আন্ডারডগ' নয়। তাদের সংগঠিত ডিফেন্স এবং দ্রুত কাউন্টার-অ্যাটাক যে কোনো প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ।
ফুটবল বিশ্লেষকেরা বলছেন, কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে মরক্কো সহজ প্রতিপক্ষ নয়।
ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াডে রয়েছেন অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালাইস, মার্কিনিয়োস, অ্যালেক্স স্যান্ড্রো, ড্যানিলো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ইগর থিয়াগো এবং ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কোর স্কোয়াডে রয়েছেন ইয়াসিন বাউনাউ, ইসা দিওপ, আসরাফ হাকিমি, চাদি রিয়াদ, ইউসেফ বেলাম্মারি, নাবিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, ব্রাহিম দিয়াজ, আজেদিন ওনাহি, বিলাল এল খান্নুস এবং ইসমাইল সাইবারী।