বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা এবার সীমান্তবর্তী শহর দিনাজপুরের হিলিতে। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে চুরিপট্টি ফুটবল মাঠে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।
টানটান উত্তেজনার এই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে। স্থানীয় সমর্থকদের আয়োজনে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে রেফারির বাঁশি বাজানোর সাথে সাথে মাঠে শুরু হয় তীব্র উত্তেজনা।
প্রথমার্ধে আর্জেন্টিনার স্ট্রাইকার দারুণ এক আক্রমণে গোল করে তাদের সমর্থকদের আনন্দে ভাসান। তবে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্রাজিলের স্ট্রাইকারও গোল করে ম্যাচকে ১-১ সমতায় নিয়ে আসে।
ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ব্রাজিল শেষ মুহূর্তে জয়সূচক গোল করে। দু'দলের সমর্থকরা তাদের দলের বিজয়ের আশায় ছিলেন, কিন্তু আর্জেন্টিনা ভক্তদের জন্য এটি ছিল হতাশার এক মুহূর্ত।
এদিকে, এই ম্যাচের আয়োজন হিলির ফুটবল প্রেমীদের মাঝে এক অপূর্ব সম্প্রীতি ও আনন্দের খোরাক জুগিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।