গাজীপুরের রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির একটি বাস উল্টে ২৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পূরবী, মাহিমা, এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন, লিমন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বিভাগের বাপ্পি, তুরিণ, ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, টেক্সটাইলে বিভাগের নাজমুল, বাংলা বিভাগের তৃণা, ডিএনএফডিটি বিভাগের আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।
উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, বুধবার আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় আসছিল। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির চিকিৎসক ডা. তৌসিক সরকার জানান, আহতদের মধ্যে গুরুতর জখম নেই, তবে বেশিরভাগই বাসের কাঁচ দিয়ে কেটে গেছে।
তিনি আরও জানান, বাসের চালক ও শিক্ষার্থী তৃণাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিকিৎসা ও পরবর্তী সহায়তা প্রদান করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করা হয়েছে এবং আহতদের অবস্থা শঙ্কামুক্ত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।