লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূ মারিয়া আক্তার মীমের (১৬) মৃত্যুকে হত্যাকাণ্ড বলে অভিযোগ উঠেছে। থানায় মামলা নিতে গড়িমসি করার কারণে গ্রামবাসীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। নিহতের মা বুধবার রাত সাড়ে ১১টার দিকে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় মীমের স্বামী মাহিন উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শ্বশুর মোহাম্মদ হানিফ ও শাশুড়িকে আসামি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রামগতি উপজেলার চর সেকান্তর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়, ফলে যাত্রী ও পথচারীরা দুর্ভোগে পড়েন।
নিহতের বাবা আবদুল মালেক অভিযোগ করেন, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বলেন, মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, কিন্তু পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়।
এদিকে, ওসি লিটন দেওয়ান বলেন, নিহতের পরিবারের সদস্যরা একেক সময় একেক সিদ্ধান্ত নিয়ে আসছেন। প্রথমে তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চেয়েছিলেন, পরে হত্যা মামলা করতে চাইলে তাদেরকে আত্মহত্যার প্ররোচনার মামলা করার পরামর্শ দেওয়া হয়।
মীমের মরদেহ গত মঙ্গলবার দুপুরে স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে মাহিন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। বুধবার মীমের দাফন সম্পন্ন হওয়ার পর প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।