মার্চ ও এপ্রিলে দেশে ৬০৫টি হত্যা ও ২০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, চলতি বছর মার্চ-এপ্রিলে ৩ হাজার ৪৯৬টি শিশু ও নারী নির্যাতন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণপিটুনি ও মব সহিংসতার ৮০টি ঘটনায় ৪২ জন নিহত হয়েছে। এছাড়া, বিচার বহির্ভূত হত্যা হয়েছে একটি এবং কারা হেফাজতে মৃত্যু হয়েছে ১৮ জনের।
ইফতেখারুজ্জামান বলেন, সরকারের ১০০ দিনের কাজের সার্বিক মূল্যায়নে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধে সুনির্দিষ্ট উদ্যোগের অভাব উদ্বেগজনক।
তিনি সরকারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা থাকলে দুদকের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।