ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গতকাল শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া তীব্র যানজট আজ শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার পর স্বাভাবিক হয়েছে। অতিরিক্ত যানবাহন, দুর্ঘটনা এবং সড়কে বিকল হওয়া যানবাহনের কারণে এই ভোগান্তির সৃষ্টি হয়।
জানা যায়, ভোরের দিকে সেতু থেকে করাতিপাড়া বাইপাস পর্যন্ত যানজটের কবলে ছিল। তবে, উত্তরবঙ্গগামী যানবাহন পারাপারের জন্য যমুনা সেতু একমুখী করার ফলে টাঙ্গাইল অংশে যানবাহনের চাপ দ্রুত কমে যায়।
বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও মহাসড়কে এখনও কিছু যানবাহনের চাপ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য যাত্রীদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে।
এদিকে, প্রচণ্ড গরমে পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও নারীরা বেশি সমস্যায় পড়েছেন।
কাঁচামালবাহী ট্রাকগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যাত্রী ও চালকরা জানান, টাঙ্গাইল থেকে এলেঙ্গা ১০ কিলোমিটার পথ যেতে ২-৩ ঘণ্টা সময় লাগছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুয়েল রানা বলেন, "মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।"