আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার তদন্তে পেশাগত অবহেলার প্রমাণ পাওয়ায় একজন নার্স ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছে।
শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এ তথ্য জানান। তিনি বলেন, শিশু মৃত্যুর ঘটনায় যেসব ব্যক্তিদের অবহেলা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অ্যাডভোকেট শিশির মনির আরও জানান, হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য সরকারের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, তা বেআইনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ ধরনের নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের কেউ উপযুক্ত হলে তাকে চাকরির নিশ্চয়তা দেওয়া হবে। একইসাথে, তাদের সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয়েছে।