কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভৈরব পৌর শহরের পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকার তরুণদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সংঘর্ষের সূচনা হয় প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়, যেখানে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের জেরে ভৈরব রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর চালানো হয়, ফলে প্রায় পাঁচ ঘণ্টা ৫টি ট্রেন আটকে পড়ে। ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় স্টেশন মাস্টারের কার্যালয়সহ কয়েকটি কক্ষে হামলা ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তারা হামলার শিকার হন।
পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।