দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’ নির্মাণ করেছেন তিনি। সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) থেকে অনাপত্তি সনদ লাভ করেছে।
সিনেমাটি কবে নির্মিত হয়েছে এবং এতে অভিনয়শিল্পীরা কারা, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। ২৯ এপ্রিল বিএফডিসি’র প্রকাশিত একটি নথিতে জানা যায়, প্রিয়জন কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে ‘বিচ্ছেদ বেদনা’। প্রযোজক হিসেবে রয়েছেন আবদুর রহমান।
মৌসুমী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে তার স্বামী ও অভিনেতা ওমর সানি জানান, “এ সিনেমার কাজটা অনেক আগে হয়েছিল। প্রযোজক হিসেবে রহমান ভাইয়ের নাম দেখে বিষয়টি মনে পড়ল। আমি মৌসুমীর সঙ্গে কথা বলেছি। যতদূর মনে পড়ে ৯০ শতাংশের বেশি কাজ শেষ হয়েছিল।”
মৌসুমীর পরিচালনায় সর্বশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘শূন্য হৃদয়’ নামের একটি টেলিফিল্ম। ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ সিনেমা দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেন তিনি।
মৌসুমী অভিনয় ও পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গরীবের রানী’ সিনেমার মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখান এই অভিনেত্রী। সবশেষ তিনি ‘আবার আমি এতিম হতে চাই’ নামের একটি চলচ্চিত্র প্রযোজনা করেন।