বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের প্রক্রিয়া আবার শুরু হয়েছে। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে। তবে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী সামসুল আলমের মনোনয়ন বাতিল করা হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন বোর্ডের কাছে আপিল করেছেন খসরু ও আলম। তাঁদের দাবি, মনোনয়ন বাতিলের ক্ষেত্রে এমন একটি বিধান প্রয়োগ করা হয়েছে, যা পরবর্তী সময়ে কার্যকর হয়েছে।
খোরশেদ আলম খসরু বলেন, 'বিগত ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২২-২০২৪-এর নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। আমি নির্বাচনী তফসিলের সকল শর্ত প্রতিপালন পূর্বক আমার মনোনয়নপত্র দাখিল করি, তবে ২০ এপ্রিল ২০২২ তারিখে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়, যা অযৌক্তিক।'
৫ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় ৪০ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে, যেখানে খসরু ও সামসুলের মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন ২০১৯ সালের ২৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল। আইনি জটিলতা ও ভোটার তালিকা-সংক্রান্ত বিরোধের কারণে দীর্ঘ ৭ বছর নতুন নির্বাচনের আয়োজন সম্ভব হয়নি, ফলে সংগঠনটি প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।