তামিল সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে। পরিচালক ও অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক টেকনিশিয়ান। এ ঘটনায় আরও তিন কর্মী আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) ভোরে চেন্নাইয়ের পেরাম্বুর এলাকার বিন্নি মিলস চত্বরে সিনেমাটির শুটিং চলছিল। পুলিশ সূত্রে জানা যায়, বিস্ফোরণের দৃশ্যের জন্য প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।
আহতদের মধ্যে মাধন (২৬), শক্তিভেল (২৭), সূর্য (২৩) এবং দিনাকরণ (২৪) রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা মাধনকে মৃত বলে ঘোষণা করেন, অন্যদের চিকিৎসা চলছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, বিস্ফোরণের সময় মাধন সিলিন্ডারে গ্যাস ভরার কাজ করছিলেন।
এই দুর্ঘটনার পর চেন্নাইয়ের ওতেরি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে কী কারণে বিস্ফোরণ ঘটল, সেটে নিরাপত্তাবিধি মানা হয়েছিল কিনা এবং প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কিনা।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের এই ঘটনার কারণে ‘কিলার’ সিনেমার শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। পুরো ইউনিট শোকস্তব্ধ হয়ে পড়েছে, কারণ কয়েকদিন ধরে শতাধিক শিল্পী এই প্রজেক্টে কাজ করছিলেন।