গায়িকা রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’ প্রকাশিত হয়েছে। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি শ্রোতাদের মধ্যে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
গানটির কথায় ভালোবাসার কথা প্রকাশের আহ্বান জানানো হয়েছে। ‘রেখো না দ্বিধা মনে, বলে দাও কানে কানে’—এমন কথামালার মাধ্যমে ভালোবাসার অনুভূতি ও প্রিয় মানুষকে মনের কথা জানিয়ে দেওয়ার বার্তা ফুটে উঠেছে।
গানটির কথা ও সুর করেছেন এস আই খোকন, এবং সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটির ভিডিও নির্মাণ করেছেন যৌথভাবে এমডি সাইদুজ্জামান পলাশ ও রুবা মজুমদার, যেখানে চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বেও ছিলেন পলাশ।
রুবা মজুমদার গানটি প্রসঙ্গে জানান, ‘ভীষণভাবে চাই গানটা মানুষের কাছে পৌঁছাক। মানুষ বাংলা গানের চর্চা ও অভ্যাসে থাকুক। আরও আরও ভালো গান করতে চাই।’
রুবা মজুমদার সংগীতাঙ্গনে সুপরিচিত। তিনি সরকারি সংগীত কলেজ থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং ছায়ানট থেকে ফোক ও ক্ল্যাসিক্যাল মিউজিকে অধ্যয়ন করেছেন। ‘ঢাকা ফোকস’ নামে তাঁর একটি ব্যান্ড রয়েছে, যাঁরা মূলত ফোক ফিউশন ও কান্ট্রি মিউজিক নিয়ে কাজ করে।
২০১৫ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গান গেয়ে আলোচনায় আসেন রুবা। পরে আরটিভি ফোক স্টেশনের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর বেশ কয়েকটি মৌলিক গান জি-সিরিজ ও লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছে এবং নিয়মিতভাবে নিজের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ করছেন। বর্তমানে নতুন মৌলিক গান নিয়ে কাজ করছেন এবং ‘ঢাকা ফোকস’ ব্যান্ডের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে স্টেজ শোতেও অংশ নিচ্ছেন।