বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচনে হাইপ উঠেছিল জামায়াত ক্ষমতায় যাবে। কিন্তু মানুষ ঠিকই তাদের বাদ দিয়ে বিএনপিকে জয়ী করেছে। কারণ বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি দল।’
আজ বৃহস্পতিবার সকালে পিআইবি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, আধিপত্যবাদী রাজনীতির বাইরে গিয়ে আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন জিয়াউর রহমান।
তিনি দাবি করেন, দেশের জনগণ উদার গণতন্ত্রের প্রতি আস্থা রেখেই সাম্প্রতিক নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছে। এই প্রসঙ্গে তিনি জামায়াতের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, জনগণ তাদের বাদ দিয়ে বিএনপির পক্ষে রায় দিয়েছে।
অন্যদিকে, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক বাস্তবতায় বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়, বিশেষ করে বৃহৎ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কেও বাংলাদেশের নিজস্ব অবস্থানকে গুরুত্ব দেওয়া হবে।