বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে মাসুদ খান নিয়োগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাসুদ খানকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বিএসইসির চেয়ারম্যান পদে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন চেয়ারম্যানের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মাসুদ খান ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ৪৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করার।
এদিকে, আজ সকালে বিএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেছেন। তাঁরা পদত্যাগপত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দেন।