বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বৃহস্পতিবার (৪ জুন) পদত্যাগ করেছেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তার পদত্যাগপত্র জমা দেন।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তার পদত্যাগের সঙ্গে সঙ্গে আরও ৪ জন কমিশনারও পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন মোহসীন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো: সাইফুদ্দিন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ২ জুন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে জানান, দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন করা হবে। এর পরপরই চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগের ঘটনা ঘটে।
বিনিয়োগকারীরা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন। পদত্যাগী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ একটি বার্তায় জানান, তিনি গত ২১ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ব্যক্তিগত উদ্যোগ ও পরিকল্পনায় মনোযোগ দেওয়ার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।