দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এই ঘটনা ঘটে।
এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৫ জন রোগী। এর মধ্যে নিশ্চিত হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৬৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৫১৪ এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯১ শিশু।
এছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৭৫ হাজার ৭০৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ১৯৪ শিশু, যাদের মধ্যে ৫৭ হাজার ০৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯ হাজার ২৬০ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতর এই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।