মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ

এমপি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে জীবননগরে।

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন এমপি আমির হামজার শ্যালক আবু বক্কর। তিনি জানান, কুষ্টিয়া থেকে এমপি আমির হামজা একটি গাড়িতে এবং তার বোন ও পরিবারের অন্যান্য সদস্যরা আরেকটি গাড়িতে জীবননগর যাচ্ছিলেন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করে।

আবু বক্কর অভিযোগ করেন, এ সময় রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার মুখে আঘাত করে।

একপর্যায়ে এমপি আমীর হামজার স্ত্রী গাড়ি থেকে নেমে এলে হামলাকারীরা তাকে ও এমপি আমির হামজাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে।

এ সময় খবর পেয়ে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

বিজ্ঞাপন