প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশের গণমাধ্যম এখন স্বাধীন। তবে কিছু কিছু মিডিয়া অনলাইনে মনের মাধুরী মিশিয়ে ফটোকার্ড বানাচ্ছে এবং রিলসের নামে খন্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার করছে। এর ফলে ভুল বার্তা ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করছে।
তিনি সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। রুমন আরও জানান, ভিউ প্রতিযোগিতার নামে এই ধরনের অপসাংবাদিকতা বন্ধের জন্য তিনি আহবান জানাচ্ছেন।
রুমন উল্লেখ করেন, দেশের মানুষ ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন, তখনও প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঢাকা শহর ঘুরে দেখেছেন এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা পর্যবেক্ষণ করেছেন।
এছাড়া, কোথাও গাফিলতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গাফিলতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।