সোমবার, ০১ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ ও উদ্বেগ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল উদ্বেগ প্রকাশ করেছেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ ও উদ্বেগ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, গত এপ্রিলে জ্বালানির দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তিনি বলেন, "এই কঠিন সময়ে মানুষের আয় বাড়েনি, বরং ক্রমাগত বেকারত্ব ও অর্থনৈতিক সংকট প্রকট হচ্ছে।"

তিনি আরো বলেন, "দিশেহারা জনগণ যখন দু’বেলা দু’মুঠো অন্ন জোগাতে হিমশিম খাচ্ছে, তখন আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।"

জামায়াতের সেক্রেটারি জেনারেল সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের কথা উল্লেখ করে বলেন, "সরকার যেখানে আশ্বস্ত করেছিল, অন্তত এই মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হবে না, সেখানে পুনরায় মূল্যবৃদ্ধি করা জনগণের সঙ্গে চরম ধোঁকাবাজি।"

তিনি বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে জনস্বার্থবিরোধী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "সামাজিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ রূপের সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।"

অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, "জামায়াতে ইসলামী জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ের পক্ষে এবং যেকোনো ধরনের জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সর্বদা সোচ্চার।"

তিনি দেশবাসীকে নিজেদের অধিকার ও অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতন হওয়ার এবং কথা বলার আহ্বান জানান।

বিজ্ঞাপন