ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজধানীর সড়কে মাত্র ১৫ দিনে বড় ধরনের পরিবর্তন এসেছে।
মঙ্গলবার (২ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ধীরে ধীরে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরে আসছে। ঈদের ছুটিতে রাস্তাঘাট ফাঁকা থাকা সত্ত্বেও মানুষ ট্রাফিক আইন মেনে চলছে।
তিনি আরও জানান, গত ১৯ মে একজন মোটরসাইকেলচালক তার নম্বর প্লেটের পেছনের তিনটি ডিজিট ঢেকে সড়কে চলাচল করেন। এআই প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার কারণে ওই চালককে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আনিছুর রহমান বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ ৫০০টি পয়েন্টে এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা বসানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে ঢাকার ১২০টি পয়েন্টে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট চালু হবে।
তিনি জানান, উন্নত বিশ্বের মতো দেশের সড়কে পূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে।