যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ একটি ভুল সিদ্ধান্ত ছিল। শনিবার (৩০ মে) ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, "ইরাক নিয়ে যা হয়েছে, আমরা খুবই খারাপ করেছি। এটা ছিল বোকামি। আমাদের সেখানে থাকা উচিত ছিল না।" তিনি আরও উল্লেখ করেন, "আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, তবে ইরানের সক্ষমতা রয়েছে।"
ট্রাম্প দাবি করেন, নয় মাস আগে যদি যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের বিরুদ্ধে হামলা না করত, তাহলে বর্তমানে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকত। তিনি বলেন, "তাহলে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন হতো।"
তিনি আরও বলেন, "ইরান পারমাণবিক অস্ত্র পেলে ইসরায়েল থাকত না এবং সম্ভবত মধ্যপ্রাচ্যই থাকত না।" ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক নীতির সমালোচনা করে বলেন, তারা ইরানের সামরিক বাহিনীকে কিছুটা ছাড় দিয়েছে এবং তাদের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র মনে করে ইরানের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থি। তবে, ইরানের সেনাবাহিনীর কিছু অংশ যারা মধ্যপন্থি নয়, তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি যুদ্ধের ক্ষেত্রে সবকিছু ধ্বংস করে দিলে একটি দেশ দীর্ঘ সময় ধরে পুনর্গঠনে ব্যর্থ হয়, যা অতীতের যুদ্ধগুলোর একটি বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন।