ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাথায় ঢিল লেগে আহত হয়েছেন। তিনি শ্রীরামপুরের চণ্ডীতলা থানায় যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
রোববার সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ঢিল ছোড়ার পাশাপাশি 'চোর' স্লোগানও উঠেছে। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ সময় তাঁকে হেনস্থা করার অভিযোগ রয়েছে। কল্যাণ বিজেপি কর্মীদের দিকে আঙুল তুলেছেন।
এ দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এর আগে শনিবার সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হেনস্থার শিকার হন।
কল্যাণ বলেন, 'এ সময় আমাকে লক্ষ্য করে দূর থেকে ঢিল ছোড়া হয়। এতে মাথায় আঘাত লাগে।' তিনি অভিযোগ করেন, শুভেন্দু অধিকারীকে 'খুনি মুখ্যমন্ত্রী' আখ্যা দিয়ে বলেন, 'যে কোনও উপায়ে মেরে ফেলতে চায়।'
তিনি বাংলার জনগণের প্রতি আবেদন জানিয়ে বলেন, 'আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, কাল বিজেপি গুণ্ডারা আপনার মেয়েকে টেনে ধরবে।' কল্যাণ আরও বলেন, 'যত দিন তৃণমূল রয়েছে, তত দিন আমরা লড়াই করে যাব।'