রাজধানীর নয়াপল্টনে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই আমরা রাজনীতিতে এসেছি।" শনিবার (৩০ মে) দুপুরে এই মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, "আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো।" তিনি মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এরপর, প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে গিয়ে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমরা তাঁর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।"
তিনি বলেন, "শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজের অবস্থান থেকে একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে দেশের চেহারা এবং মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।"
এর আগে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড এবং খিলগাঁও এলাকায় খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী।