পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে হেনস্থায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারপুর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে স্বপ্রণোদিত হয়ে এই পদক্ষেপ নেয় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে।
গত শনিবার, দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে অভিষেক ব্যানার্জি জনরোষের মুখে পড়েন। নির্বাচনি সহিংসতায় নিহত দলের কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার সময় উত্তেজিত জনতা তার বিরুদ্ধে স্লোগান দেয় এবং ডিম নিক্ষেপ করে।
এছাড়া, দলের কর্মীরা অভিযোগ করেছেন যে অভিষেককে এলোপাথাড়ি মারধোরও করা হয়। নিরাপত্তারক্ষীরা পরে তাকে মাথায় হেলমেট পরিয়ে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যায়।
এটি ৪ মে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অভিষেক ব্যানার্জির প্রথম প্রকাশ্য কর্মসূচি। এই ঘটনার পর অভিষেক ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন।