ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে জানাজার নির্ধারিত তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
শনিবার (৩০ মে) টাইমস অব ইসরায়েল সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, জানাজা আয়োজনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তিনি তিন দশকেরও বেশি সময় ধরে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে ছিলেন। হামলায় তার ছেলে ও উত্তরসূরি মুজতাবা খামেনিও আহত হন।
যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা বারবার পিছিয়ে গেছে। এপ্রিল মাসে তার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হলেও পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বিভিন্ন সংস্থা প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর একটি জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা যায়। এতে বিপুল মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
এদিকে, এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি এখনও বহাল থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।