বাংলাদেশে যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে যাকাত বোর্ডের চেয়ারম্যান এবং শায়খ আহমাদুল্লাহ যাকাত ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন।
শায়খ আহমাদুল্লাহ জানান, যাকাত ব্যবস্থাপনা উন্নয়নের জন্য পাঁচ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হতে পারে, যার সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী।
তিনি বলেন, 'যাকাতের অর্থ কীভাবে আরও কার্যকরভাবে বণ্টন করা যায় এবং দেশের দারিদ্র্য বিমোচনে তা কীভাবে প্রত্যক্ষভাবে কাজে লাগানো সম্ভব—এসব বিষয়ে মতামত ও পরামর্শ জানতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।'
আস-সুন্নাহ ফাউন্ডেশন গত ছয়–সাত বছর ধরে যাকাত নিয়ে কাজ করছে। গত এক বছরের হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রায় ১৩ কোটি টাকা ব্যয় করে ২১০০ বেকার তরুণ–তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এখন ওই তরুণরা বছরে প্রায় ৪২ কোটি টাকা আয় করছে।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, 'ওআইসিভুক্ত দেশগুলোতে বছরে প্রায় ৬০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ যাকাত আদায় হয়। এই বিপুল সম্ভাবনার একটি অংশও যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে তা জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে।'