দেশে গত তিন মাসে লোডশেডিংয়ের কারণে অর্থনীতির ক্ষতি হয়েছে প্রায় ৫৪ হাজার কোটি টাকা। গবেষণা সংস্থা র্যাপিডের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশে ১০ শতাংশ পর্যন্ত লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।
রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে অর্থ উপদেষ্টা জানান, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে। এই সময়ের মধ্যে দেশে প্রায় ২ হাজার ৩৭৯ গিগাওয়াট লোডশেডিং হয়েছে, যা বিভিন্ন খাতে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটিয়েছে।
গবেষণা সংস্থা র্যাপিডের মতে, যদি নির্দিষ্ট তিন মাসে বিদ্যুৎ খাতে ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হতো, তবে দৈনিক লোডশেডিং ৪০ শতাংশ পর্যন্ত কমানো যেত। গবেষণায় দেখা গেছে, মাথাপিছু আয়ের তুলনায় দেশে ৪০ শতাংশ কম জ্বালানি ব্যবহার করা হচ্ছে।
অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বিপরীতে বছরে প্রায় ১৮০ কোটি ডলার ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। আমদানি নির্ভরতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এ অর্থ বছরে ভর্তুকি দাঁড়াতে পারে ১ লাখ কোটি টাকা।
গবেষকরা বলছেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে হলে দেশে গ্রিড বিদ্যুতের চাহিদা হতে পারে ৩৫ হাজার মেগাওয়াট। রূপপুর এবং ৩০ শতাংশ সৌর বিদ্যুৎ সক্ষমতা ব্যবহারে এলএনজির বার্ষিক আমদানি ব্যয় হতে পারে ২৫-৪২ বিলিয়ন ডলার।